‎ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ

‎ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার বেলা ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা।

‎আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে পল্লী উন্নয়নের ভূমিকার কথা তুলে ধরেন।

‎প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন এমপি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ঋণ সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও পল্লী অঞ্চলের জীবনযাত্রার মান উন্নত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, সুফলভোগীদের দেওয়া এই ঋণ যেন তাদের অর্থনৈতিক ভিত মজবুত করতে পারে, প্রশাসন সেদিকে লক্ষ্য রাখছে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণের ওপর জোর দেন তিনি।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয় এবং পরিবেশ সুরক্ষায় প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published.