‎জৈনা বাজার ও নগর হাওলায় চুরির সিন্ডিকেটের দৌরাত্ম্য-প্রতিবাদ করায় হুমকির মুখে স্থানীয় ব্যবসায়ী

‎জৈনা বাজার ও নগর হাওলায় চুরির সিন্ডিকেটের দৌরাত্ম্য-প্রতিবাদ করায় হুমকির মুখে স্থানীয় ব্যবসায়ী


‎আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর)


‎​গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ও নগর হাওলা এলাকায় চুরির উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাস ধরে বৈদ্যুতিক কেবল, মোটর, মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এই চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বর্তমানে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সোহেল সরকার।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশুদিন জৈনা বাজার ও নগর হাওলা সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে বৈদ্যুতিক মিটার ও তার চুরির সময় এলাকাবাসীর সহায়তায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জৈনা বাজারের চিহ্নিত কয়েকজন ভাঙ্গারি ব্যবসায়ীর সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে। তারা জানায়, বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী ফারুক, রহমান ও ইদ্রিস এই চোরাই মালামাল নিয়মিত কেনেন এবং এই চুরির সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত।

‎​ব্যবসায়ী সোহেল সরকার জানান, তিনি সরেজমিনে গিয়ে অভিযুক্ত ফারুকের দোকানে চুরি হওয়া বৈদ্যুতিক তার ও তামার তার শনাক্ত করেন। এর প্রতিবাদ জানালে স্থানীয় এক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা এক রাজনৈতিক কর্মীর মাধ্যমে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়।

‎​শুধু তাই নয়, গত বৃহস্পতিবার রাতে সোহেল সরকারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ ফার্নিচার’-এ গিয়ে এক নারী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং চুরির প্রতিবাদ করায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেন। বর্তমানে স্থানীয় একটি কুচক্রী মহল তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎​এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সোহেল সরকার বলেন, “আমি কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে নয়, বরং এলাকার শান্তি ও নিরাপত্তার স্বার্থে চুরির বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমি চাই প্রশাসন এই চোর সিন্ডিকেটকে আইনের আওতায় আনুক। অন্যায়ের প্রতিবাদ করায় আজ আমাকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।”

‎​ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, এলাকায় চুরির এই হিড়িক বন্ধে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অবিলম্বে এই চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published.