
গাজীপুর প্রতিনিধিঃ
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদনমুখী রাজনীতি এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মসূচি আজও দেশের জনগণকে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।”তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি , যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply