গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি


গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি মরহুম আব্দুল হামিদ খান এবং সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ির রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ নূরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন পনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাচন কমিশনার।


এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক শেখ রাশেদ-উল হোসেন কমল, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি এরশাদ আলম শরীফ, মহানগর প্রেসক্লাবের সদস্য আব্দুল হাকিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।


আলোচনা পর্বে বক্তারা মরহুম আব্দুল হামিদ খান এবং মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, মরহুম আব্দুল হামিদ খান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিনয়ী আচরণ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং পেশাগত দায়িত্ববোধ সাংবাদিক সমাজে তাকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।


বক্তারা আরও বলেন, একজন ভালো মানুষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আব্দুল হামিদ খানের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজই নয়, পুরো এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে। একইসঙ্গে তারা মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ রাশেদ-উল হোসেন কমল। মোনাজাতে মরহুমদের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সংগঠনের সদস্য ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের মানবিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.