মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের

মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ শ্রীপুর পৌরসভা গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের

আশিকুর রহমান সবুজ,​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


‎গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক মো. নাসিম মন্ডল।

‎​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

‎​স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আমীরউদ্দিনের সভাপতিত্বে এবং খোরশেদের পরিচালনায় সভায় এলাকার নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত নাগরিকেরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, কিশোর অপরাধ এবং নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে মো. নাসিম মন্ডল বলেন, “একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শ্রীপুর পৌরসভা গড়ে তুলতে জনগণের সরাসরি অংশগ্রহণের বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে শুধু আইনি পদক্ষেপ নয়, খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।” তিনি আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে শ্রীপুরের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও সেবা সুনিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”

‎​উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.