তিনকাল

কাজল মালেক
২৩তম পর্ব

ছোট প্রধানবাড়িতে চুরি হওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এমনিতেই আশেপাশের এলাকায় চুরি ডাকাতির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজকাল গোয়াল থেকে গরু মহিষ পর্যন্ত চুরি হচ্ছে। মানুষ আতঙ্কে রাত কাটায়। এতোদিন গাজীপুরে চোর-ডাকাতের উপদ্রব ছিলোনা। আক্কু ডাকাত গর্ব করে বলতো,”গাজীপুরে ডাহাইত আইতোনা। যতহন আমি আছি ততহন চোর ডাহাইতের বাপের সাহস নাই এইহানে পাড়া দেয়।” প্রধানবাড়িতে চুরি হওয়ায় এলাকার মানুষ আক্কুর কথার উপর আর বিশ্বাস রাখতে পারছেনা। তারউপর বন্দুক চুরির বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আশঙ্কা এই বন্দুক ডাকাতের হাতে পড়লে ডাকাতির সঙ্গে প্রাণসংহারের মতো ঘটনাও ঘটতে পারে। পুলিশ ঘন ঘন এলাকায় এসে অভিযান চালাচ্ছে। সন্দেহবশত শাহন আলীকে এরেস্ট করা হয়েছে। যদিও শাহনের নামে লিখিত অভিযোগ করা হয়নি। কোন আসামীর নামই উল্লেখ করে কেইস করেনি জুমন। সন্দেহের কথা মুখে মুখে জানিয়েছে। আজও ওসি সাহেব এসেছেন। তিনি পুকুর পাড়ে আমগাছের নিচে চেয়ারে বসে মমতাজ মাস্টার ও জুমনের সঙ্গে নির্জনে কথা বলছেন। বন্দুক চুরিকান্ডে সন্দেহের তালিকায় যারা রয়েছে তারা দূরের কেউ নয়। সম্ভাব্য আসামীরা আশেপাশেই আছে। ওসি লুৎফরও সন্দেহভাজনদের গতিবিধির উপর লক্ষ্য রাখছেন। তবে তদন্ত কাজ নিয়ে তিনি উদ্বিগ্ন। তার বদলীর আদেশ চলে এসেছে। বললেন, “আমি থাকলে ষড়যন্ত্রের হোতাদের বের করে ফেলতাম। যাহোক নতুন ওসিকে বুঝাইয়া বলে যাবো। শিগগিরই আসামী ধরা পড়বে। শাহনকে জিজ্ঞাসাবাদ করা হইতেছে। খুব চতুর। মুখ খুলতাছে না। সেদিন সন্ধ্যায় আপনাদের বাড়িতে আইসা নাকি রান্না ঘরে তার বোনের সাথে মানে আপনের ওয়াইফের সাথে কথা বইলাই চলে গেছে। ” ওসি লুৎফর একটু থেমে গম্ভীর কন্ঠে বললেন, “একটা উড়ো চিঠি পেয়েছি। তাতে লেখা এই বন্দুক প্রধানসাব ডাকাতি করার উদ্দেশ্যে তার দলের ডাকাতদের দিয়েছে। প্রধানসাব নিজেই ডাকাতের লীডার। চুরির ঘটনাটা সাজানো।”
জুমন ক্ষিপ্ত হয়ে উঠে। বলে উঠে ,”যা কইছি, ওসি ছার, এইডা আক্কুর কাজ। বন্দুক তার আতে। শাহন তারে দিছে।”


মোমতাজ বললেন, “কিন্তু তার জন্য প্রমান লাগবে।”
“প্রমান খুঁজে বাইর করবো। আগে বাইর করতে হবে চিঠিটা কে পাঠাইলো।” ওসি তার সৌখিন ছোট্ট লাঠিটা বারবার হাত বদল করেন। আবার বললেন, “আপনাদের সাথে বোধহয় আর দেখা হইবেনা। তাতে কোন সমস্যা নাই। যিনি আসবেন তিনি আপনাদের সাহায্য করবেন। ওই যে বলেনা, সত্যের জয় বাতাসে বয়।”


কিন্তু নতুন ওসি শ্রীপুর থানায় যোগ দেবার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে গেলো। তার ঘুষপ্রীতি নিয়ে জনশ্রুতি এলাকায়ও আলোচনার সৃষ্টি করেছে। আক্কাছের পক্ষে জবান আলী মাদবর তদবির করতে প্রায়ই থানায় যান। আশেপাশের কয়েকটা গ্রামে ডাকাতি হওয়ার খবর আসে। ফুলবাড়িয়ার এক ব্যবসায়ীর দোকানে ডাকাতরা গুলি করেছে। কেউ বলছে ব্যবসায়ীকে মেরে ফেলেছে, আবার কেউ বলছে মরেনি, গুলি লেগেছে তার পায়ে। এখন হাপাতালে। তুরাগ নদীর তীরে অবস্থিত এটি একটি ছোট্ট বন্দর। ফুলবাড়িয়া শ্রীপুর থানার অধীন না হলেও দূরের এলাকা নয়। সোমবারে এখানে সাপ্তাহিক বৃহৎ বাজার বসে। পার্শ্ববর্তী এলাকার মধ্যে সব ধরনের পন্য ক্রয়-বিক্রয়ে এটি সবচেয়ে বড় মোকাম। গাজীপুরের লোকজনও নিয়মিত এখান থেকে পাইকারি জিনিসপত্র কেনাকাটা করে। এতো কাছে ডাকাতি হয়ে গেলো। তারমানে এদিকেই ডাকাতের আনাগোনা শুরু হয়েছে। রাত হলেই মানুষ ভয়ে ভয়ে থাকে। দু’তিন বাড়ির পুরুষ লোকেরা একত্রে জড়ো হয়ে গ্রুপ করে করে পুরো গ্রাম পাহারা দেয়।


১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রসমাজ ব্যাপক আন্দোলন গড়ে তোলে, যা “শিক্ষা আন্দোলন” নামে পরিচিত।
এদিকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত নিয়ে বিরোধ চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। শেষ পর্যন্ত ১৯৬২ সালের অক্টোবর-নভেম্বর মাসে চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে সশস্ত্র যুদ্ধ শুরু হয়।
এই সময় বিশ্বের মানচিত্রে আরও দুটো স্বাধীন রাষ্ট্রের সংযুক্তি ঘটে। নতুন স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র দুটি হচ্ছে আলজেরিয়া ও উগান্ডা।
ফ্রান্সের সঙ্গে দীর্ঘ যুদ্ধ ও বহু রক্তক্ষয়ের পর আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
ওদিকে উগান্ডাবাসীর দাবীর মুখে বাধ্য হয়ে ব্রিটেন তার অধীনস্থ উগান্ডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়।


এরইমধ্যে থানা থেকে সদলবলে ছোট প্রধানবাড়িতে পুলিশ এলো। তারা জুমন আলী প্রধানকে বললো, “আপনাকে থানায় যেতে হবে।’ আকস্মিক ঘটনায় হতভম্ব জুমন উপায়ান্তর না দেখে শুধু বললো, ইট্টু সময় দেন। আমি পিরুনডা গায়ে দিয়া লই।”
হাতে হ্যান্ডকাপ ও কোমরে দড়ি বেঁধে জুমনকে নিয়ে পুলিশের দল যখন বাড়ি থেকে বেরিয়ে যায় সেই মুহূর্তে এ বাড়িতে কান্নার রোল উঠলো। সেদিন গ্রামময় ত্রাসের সৃষ্টি করে পুলিশ গূর্ব গাজীপুরের আরও ২০জন গন্যমান্য ব্যক্তিকে ধরে নিয়ে যায়। এটি এলাকার স্মরণীয় গ্যাং কেইস নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published.