চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদের উদ্যোগে অফিস ভবনের আশপাশ, ফুলের বাগান ও খালি জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নতুন গাছ লাগানো হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অফিস ভবনের আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে এবং পরিত্যক্ত পাত্রে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অফিস ভবনের খালি জায়গায় নতুন গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিচ্ছে এলজিইডি কার্যালয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আমাদের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অফিস ভবন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ কর্মপরিবেশ গড়ে তুলতে অফিস ভবনের ফাঁকা জায়গায় নতুন গাছ লাগানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি, অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাই।”


সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি দপ্তরসহ প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published.